শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গ্রেফতারের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক

বুধবার, এপ্রিল ৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পুরোনো মামলায় ওয়ারেন্ট ছিল, সেই মামলায় ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে মতিঝিল থানায় রাখা হয়েছিল। পরে আদালতে পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ।

তিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইশরাকের জামিন নামঞ্জুর : গাড়ি ভাঙচুরের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশও দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে ইশরাককে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান ইশরাকের জামিনের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে যান ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ তাকে আটক করে। ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

২০২০ সালের মতিঝিল থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

ওই মামলার এজাহারে বলা হয়েছে ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে অল্পের জন্য গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন