রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বুধবার, এপ্রিল ৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকাল পাঁচটা পাঁচ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকাল চারটা ১৩ মিনিটে গুলশানের বাস ভবন থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বুধবার (৬ এপ্রিল) বিকাল তিনটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে।

৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন। এরপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

গত ১৩ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। লিভারে রক্তক্ষরণের কারণে তাকে দুই মাস সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। কেবিনে আনা হয়েছিল গত ১০ জানুয়ারি। ৭৭ বছর বয়েসী সাবেক প্রধান মন্ত্রী দীর্ঘ বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যাসহ নানা জটিলতায় ভোগছেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। ছয় মাস পর পর মেয়াদ বৃদ্ধি করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন