শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

দুই হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজিবাহী জাহাজ চট্টগ্রামে

শুক্রবার, এপ্রিল ৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: দুই হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুট তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভর্তি একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো ওমর ফারুক বলেন, ‘আজ সকালে এলএনজিবাহী একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বন্দরে জাহাজ ভেড়ার পর আনুষাঙ্গিক কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে।’

গত রোববার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। গ্যাসের অভাবে বাসা-বাড়ির চুলা বন্ধ থাকে।

জানা গেছে, বিবিয়ানার ছয়টি গ্যাসকূপের মধ্যে চারটি গ্যাসকূপ উৎপাদনে এসেছে। বাকি থাকা দুইটি কূপের একটি বৃহস্পতিবার (৭ এপ্রিল) নাগাদ উৎপাদনে আসার কথা রয়েছে। তবে গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোন কোন এলাকায় গত তিন দিন গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল।

বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সমস্যা দেখা দেয়ায় এটি ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। তাই গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়।

বুধবার (৬ এপ্রিল) গ্যাস সংকট কেটে যাবে এমন আশ্বাস দিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেখানে তিনি লিখেছেন, ‘বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে আমরা এ সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছে। দুই হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো (বৃহস্পতিবার) সকাল সাতটায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

উল্লেখ্য, দেশে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে ৩৭০ কোটি ঘনফুট গ্যাস। আমদানি করা ১০০ কোটি ঘনফুট ও দেশীয় ১৮০ কোটি ঘনফুটসহ দেশে গড় সরবরাহ গ্যাসের পরিমাণ দৈনিক ২৮০ কোটি ঘনফুট। এর মধ্যে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১১০ কোটি ঘনফুট; সেই গ্যাসের মধ্যে ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। আর এতে গ্যাস সংকট দেখা দিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন