ঢাকা: দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষা বর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আসন্ন ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জানানো হয়, চলতি বছর নতুন করে আরো তিনটি বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত হয়েছে। গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
এ বছর গুচ্ছভুক্ত নতুন বিশ্ববিদ্যালয়গুলো হল- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার সময়সূচি শুক্রবার (৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জানানো হবে। তবে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর মুহাম্মদ আলমগীর, প্রফেসর বিশ্বজিৎ চন্দ, প্রফেসর মো. আবু তাহের, কমিশনের সচিব ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গুচ্ছ পদ্ধতির বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ, ফলাফল ও ভর্তির সময় প্রকাশ করা, কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় ও সাবজেক্টের প্লেসমেন্ট, মাইগ্রেশনের সময় নির্ধারণ, ভর্তি ফি এক বার দেয়ার সুপারিশ করে ইউজিসি।
এতে আরো জানানো হয়, এ ছাড়া ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার ফি যৌক্তিকভাবে নির্ধারণ করা ও শিক্ষার্থী ভর্তি কম হয় এমন বিভাগগুলোর আসন সংখ্যা কমানোর পরামর্শ দেয়া হয়। এ ছাড়া কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়া হবে এবং দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপাচার্যরা গুচ্ছের বাইরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য পরামর্শ দিয়ে এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তারা প্রয়োজনে এ চার বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়েও পরামর্শ দেন।
সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও এ পদ্ধতিতে পরীক্ষার সফলতার মাত্রা অনেক বেশি।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন