চলমান ডেস্ক : ইউক্রেনের যুদ্ধের তীব্র আবারও যখন বাড়তে শুরু করেছে, ঠিক সেই সময় রাশিয়ায় প্রবেশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেন সংকট ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশের নেওয়া নজিরবিহীন পদক্ষেপের জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিছুদিন আগে বরিস জনসন ইউক্রেন সফর করে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকও করেছেন।
শনিবার রয়টার্সের এক প্রতিবদনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞার খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। জনসন ছাড়াও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ব্রিটেনের ১০ সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপ, বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়ার পদক্ষেপের পাল্টায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ব্রিটেনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার এই তালিকা শিগগিরই সম্প্রসারণ করা হবে বলে বিবৃতি হুশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেনের প্রায় তিন হাজার সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দেশটিতে সংঘাতে প্রায় এক হাজার সেনা আহত হয়েছেন। তবে এখনই বলা যাচ্ছে না যে, এদের মধ্যে কতজনকে বাঁচানো সম্ভব হবে। তিনি জানান, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনার সংখ্যা ১ হাজার ৩৫১।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন