চলমান ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৫ এপ্রিল) বলেছেন, ‘রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।’ সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেছেন। খবর এএফপির।
এ ধরনের হুমকির বিষয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘পরমাণু অস্ত্র বা কিছু রাসায়নিক অস্ত্রের বিষয়ে রাশিয়া কথা বলা শুরু করায় ‘সারা বিশ্ব’ স্তম্ভিত।’
তিনি সিএনএনকে বলেন, ‘তারা তা করতে পারে। তাদের কাছে লোকজনের জীবনের কোন দাম নেই।’
উইলিয়াম বার্নস বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বলেন, ‘যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার বিপত্তিজনক ঝুঁকি বৃদ্ধির পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত বা স্বল্প ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে।’
ক্রেমলিন জানায়, গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরমাণু অস্ত্রের অস্বাভাবিক গতিবিধির কোন ইঙ্গিত দেখতে পায়নি।
উইলিয়াম বার্নস বলেন, ‘এ ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন