শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ ইউজিসির

বুধবার, এপ্রিল ২০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

রোববার (১৭ এপ্রিল) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত পত্রে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেয়া হয়।

সম্প্রতি কমিশন কর্তৃপক্ষ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে সরেজমিন পরিদর্শনের রিপোর্টের বরাত দিয়ে পত্রে  বিশ্ববিদ্যালয়টিতে অপ্রতুল শিক্ষক সংখ্যা, যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব, গবেষণার অনুপস্থিতি, আচার্য কর্তৃক নিযুক্ত বৈধ কর্তৃপক্ষের অনুপস্থিতি, শিক্ষা-সহায়ক ক্যাম্পাসের অনুপস্থিতি, লাইব্রেরীতে প্রয়োজনীয় পাঠ্য বইয়ের অপ্রতুলতা রয়েছে ও বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদোত্তীর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

পত্রে আরো উল্লেখ করা হয়, বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১৮ ও ২০ অনুযায়ী সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি, শিক্ষাদান, সব পরীক্ষা ও এর ফলাফল অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত। আইনের ধারা ১৭ ও ১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর একাধারে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভাপতি। আইনের ৩১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথা আচার্য সব বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি নিযুক্ত ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও এর ফলাফলের আইনগত কোন বৈধতা নেই।

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সাল হতে আচার্য নিযুক্ত ভিসি ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রো-ভিসি ও ট্রেজারার নেই। অন্য দিকে, রাষ্ট্রপতি নিযুক্ত উপাচার্যের অবর্তমানে অন্য কারো সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভার আইনগত কোন বৈধতা নেই বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত কারণে কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে।
সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন