চলমান ডেস্ক: ২০২১-২০২২ শিক্ষা বর্ষের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়বেন। গত বছর ২০২০-২১ শিক্ষা বর্ষে আসনপ্রতি লড়াই করেছেন ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি শিক্ষার্থী বেড়েছে ২৪ জন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী লড়াই করবেন।
এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাক্তার একেএম আহসান হাবিব বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ডেন্টালে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।’
এর আগে গত ২০ মার্চ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষা বর্ষে ভর্তির আবেদন শুরু হয়। গত ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে; যা শেষ হয়েছে ১৯ এপ্রিল।
কোন কলেজে কত আসন: ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি। এ ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ও রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ডেন্টালে ভর্তি পরীক্ষায় গত বার আসনপ্রতি লড়েছেন ৯৭ জন শিক্ষার্থী।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন