সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

এমএসএমই উদ্যোগকে সহায়তায় চার এনজিওর সাথে সুইসকন্টাক্টের চুক্তি

বুধবার, এপ্রিল ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় পরিচালিত বি-স্কিলফুল প্রোগ্রাম ফেজ ২ এর অধীনে লাইট ইঞ্জিনিয়ারিং, আসবাব নির্মাণ ও চামড়াজাত পণ্য খাত সংশ্লিষ্ট এমএসএমই’র প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা দেয়ার লক্ষ্যে বেসরকাররী চার সংস্থার (এনজিও) সাথে অংশীদারিত্ব করেছে সুইসকন্টাক্ট। এগুলো হচ্ছে রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং, ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, রিসডা বাংলাদেশ ও রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি অফিসে এ অংশীদারিত্ব সই হয়। এ চুক্তির আওতায় রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং ও ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড ২৪০টি এমএসএমইকে বাজার ও আর্থিক পণ্যের সাথে সংযুক্ত করার মধ্য দিয়ে তাদের উৎপাদন প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন সেবা দেবে। অন্য দিকে, রিসডা বাংলাদেশ ও রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্তির যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২২০ জন কর্মীকে কর্ম ক্ষেত্রের চাহিদা অনুসারে কর্ম ক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ দেবে।

বি-স্কিলফুলের টিম লিডার দায়না সরেনসেন বলেন, ‘যদিও এন্টারপ্রাইজের উন্নয়নকে ঘিরেই মূলত এ কর্মসূচী। তবে এন্টারপ্রাইজ পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উন্নয়ন যাতে কর্মীদের উপকারে আসে (উপযুক্ত মজুরি ও কাজের পরিবেশ উন্নয়নের মাধ্যমে) সে বিষয়টিও আমরা নিশ্চিত করতে চাই।’

বি-স্কিলফুল প্রোগ্রাম ফেজ-২, চার বছর মেয়াদী দক্ষতা ও এন্টারপ্রাইজ উন্নয়ন কর্মসূচি, যা দেশে সুইজারল্যান্ডের সামগ্রিক লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে। এর লক্ষ্য হচ্ছে জাতিসংঘের ২০৩০ এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে আরো সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা। এ কর্মসূচির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসহ আরো সাতটি সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করা হয়। এ অংশিদারিত্বের লক্ষ্য ১৩ হাজার কর্মীর দক্ষতা ও কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্তির যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি কমপক্ষে ৮০০টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা।

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন