শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের চীফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস ম্যাকনভিলের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান।  

সফরকালে ২০-২২ এপ্রিল পর্যন্ত তিনি ওয়াশিংটন ডিসির পেন্টাগনে চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান ও জয়েন্ট চীফস অব স্টাফের সদস্য জেনারেল ডেনিয়েল আর হোকানসন, ভাইস চীফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস এম মার্টিন, ম্যারিন কোরের এ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল এরিক এম স্মিথ ও অফিস অব আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসির দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রধান পরিচালক লরি এবেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’র (এনইএসএ) প্রাক্তন গ্র্যাজুয়েট হওয়ায় সেনাবাহিনী প্রধানকে এনইএসএ সেন্টারের ‘হল অব ফেইম’ এ আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করা হয়। ওই অনুষ্ঠানে এনইএসএ সেন্টারের স্বনামধন্য প্রফেসররাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রাক্কালে সেনাবাহিনী প্রধান সেখানকার লিংকন হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে কী-নোট বক্তব্য প্রদান ও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ ছাড়াও তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘ন্যাশনাল মিউজিয়াম অব দি ইউএস আর্মি’ পরিদর্শন করেন।

সফরের শেষভাগে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সিকিউরিটি এ্যান্ড সেফটি বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল গিলেজ মিচাউদ, ভারপ্রাপ্ত মিলিটারি এ্যাডভাইজার মেজর জেনারেল মওরিন ও’ব্রায়ান, পলিটিক্যাল ও পিস বিল্ডিং এ্যাফেয়ার্স বিভাগের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ খিয়ারি, অপারেশন সাপোর্ট বিভাগের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান সন্ডার্স ও পুলিশ এ্যাডভাইজর লুইস রিবেরিও ক্যারিলহোর সাথে বৈঠকে মিলিত হন। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। এসব বৈঠকে জাতিসংঘের মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী ও সরঞ্জামাদির সংখ্যা বৃদ্ধি ও দীর্ঘ দিন ধরে ব্যবহৃত সরঞ্জামাদি প্রতিস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়াও সেনাবাহিনী প্রধান ও প্রধানমন্ত্রীর এ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের সম্মানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের জাতিসংঘ পার্মানেন্ট মিশন কর্তৃক আয়োজিত ইফতার ও নৈশভোজে তিনি অংশ নেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সুসম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি ও জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের অবস্থান ও তাদের মনোবল আরোও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন