ঢাকা: খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক অর্থ মন্ত্রী ও সিলেট- এক আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভূগছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। তিনি ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থ মন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেছেন।
আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেন। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আবু আহমদ আবদুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরীর ১২ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন তার ছোট ভাই। স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত একজন ডিজাইনার। তিন সন্তানের মধ্যে কন্যা সামিনা মুহিত ব্যাংকার ও আর্থিক খাতের বিশেষজ্ঞ। বড় ছেলে সাহেদ মুহিত বাস্তুকলাবিদ ও ছোট ছেলে সামির মুহিত একজন শিক্ষক।
মরহুম আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, র্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মুহিতের বড় ছেলে সাহেদ মুহিতসহ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার পর তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এর পর দাফনের জন্য মরদেহ নেয়া হবে তার জন্মস্থান সিলেটে। রোববার (১ মে) রায় নগরের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন