চলমান ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে চমক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান জেলেনস্কিকে।
মঙ্গলবার (১৭ মে) দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে বড় পর্দায় ভিডিওতে হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি নিজেও একজন সাবেক অভিনেতা।
ভাষণে রুশ সেনা অভিযানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থন চান তিনি। এ সময় জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ান হামলার বিস্তারিত তুলে ধরেন। আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হওয়ার আবেদন জানান।
মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে বিনোদন জগতে পা রাখেন ভলোদিমির জেলেনস্কি। এরপর রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান। তার প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’ মুক্তি পায় ২০০৯ সালে। তারপর তিনি অভিনয় করেন ‘অফিস রোমান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’সহ আটটি সিনেমায়। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় চালিয়ে যান ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৭ মে) পর্দা উঠেছে পৃথিবীর প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হয়। কানের মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য এবার লড়ছে ১৮টি সিনেমা। আর ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে লড়ছে ১৫টি সিনেমা। ১২ দিনের এ আয়োজন শেষ হবে ২৮ মে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন