শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

আমেরিকার সাথে আরো ভাল সম্পর্ক চায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল

রবিবার, মে ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আফগানিস্তান নিয়ে অতীতের উত্তেজনা ভুলে আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর ওয়াশিংটনের সাথে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায় ইসলামাবাদ।

সম্প্রতি নিউইয়র্কে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের নতুন পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

চলতি সপ্তাহে জাতিসংঘের সদর দফতরে বিশ্বব্যাপী খাদ্য সংকট নিয়ে এক বৈঠকে যোগ দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো। বুধবার (১৮ মে) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে আলোচনাসহ শীর্ষ মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনা করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককে উৎসাহব্যঞ্জক, অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করে বিলাওয়াল বলেন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তানকে অবশ্যই আমেরিকার সাথে সব স্তরে সম্পৃক্ততা অব্যাহত রাখতে হবে। আর এ বৈঠক ছিল তার প্রথম পদক্ষেপ।’

সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ‘ব্লিংকিনের সাথে আলোচনায় তার মূল লক্ষ্য ছিল বাণিজ্য-সম্পর্ক বৃদ্ধির দিকে। বিশেষ করে কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে।’ এ ছাড়া নারীর ক্ষমতায়নের উদ্যোগে আমেরিকার সাথে কাজ করার জন্য পাকিস্তান ‘উন্মুখ’ হয়ে আছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা যদি অর্থনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক সমন্বয়ের বিষয়ে এক সাথে কাজ করতে পারি, তাহলে আরো ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারব।’

ইমরান খানের মার্কিন বিরোধী বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার প্রভাব বিস্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে বিলাওয়াল বলেন, ‘এটি বড় মিথ্যার ওপর ভিত্তি করে একটি পরিকল্পিত ষড়যন্ত্র তত্ত্ব।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, পাকিস্তানিরা এটা বোঝে যে, গণতান্ত্রিক হতে ও অর্থনৈতিকভাবে অগ্রগতির জন্য তাদের দেশকে আমেরিকাসহ অন্য সব দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে।’

পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সাথে সম্পর্ক জোরদার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে জানতে চাইলে বিলাওয়াল বলেন, ‘এ বিষয়ে পাকিস্তান ঈর্ষান্বিত নয়। আমরা বিশ্বাস করি, পাকিস্তান ও ভারত উভয়ের জন্য বিশ্ব যথেষ্ট বড়।’

প্রতিবেশী চীনের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের। আর আমেরিকার সাথে বৈরি সম্পর্ক বেইজিংয়ের। তবে ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের ক্রমবর্ধমান সম্পর্ক চীনকে ক্ষুব্ধ করবে না বলেই মনে করেন বিলাওয়াল ভুট্টো।

এর আগে সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, ‘পাকিস্তান ও আমেরিকার দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুই দিনের সফরে আমেরিকায় যান বিলাওয়াল। এ সময়ে ব্লিংকেন ছাড়াও শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে তার আলোচনা হয়।

এক টুইট বার্তায় ব্লিংকেন বলেন, ‘আমেরিকা-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির গুরুত্বের প্রতি আমরা জোর দিয়েছি। এ সম্পর্ককে আরো বড় জায়গায় নিয়ে যেতে দুই দেশের মধ্যে সমন্বিত সম্পর্কের প্রতি আমরা পারস্পরিকভাবে অঙ্গীকারবদ্ধ।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন