শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহতের ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে পুরো আমেরিকাজুড়ে। এ ঘটনায় শোক জানিয়ে আগামী (২৮ মে) শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।

হামলার পরপরই বিবৃতিতে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবন, মাঠ, সামরিক স্থাপনা, নৌ ঘাঁটি এবং নৌ যানে জাতীয় পতাকা আগামী শনিবার পর্যন্ত অর্ধনমিতভাবে ওড়ানো হবে। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইন কঠোর করার আভাস দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হন। নিহতদের মধ্যে আরও দুই শিক্ষক রয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় কয়েক শিক্ষার্থীকে ভর্তি করায় এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত : টেক্সাসের উভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো বন্দুকধারী ছিল বর্ম পরিহিত। মঙ্গলবার সে স্কুলে হামলার আগে আরও দুইটি ঘটনা ঘটে। প্রথমে নিজের দাদিকে গুলি করে। দ্বিতীয় ঘটনায় হামলার উদ্দেশে স্কুলে প্রবেশের আগে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সার্জেন্টের এরিক এস্ট্রাডা সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন।

এরিক এস্ট্রাডা বলেন, সন্দেহভাজন ব্যক্তি স্কুলের কাছাকাছি একটি খাদের কাছে ধাক্কা খেয়েছিল। সেখানেই সে তার গাড়ি থেকে বেরিয়েছিল। একটি রাইফেল নিয়ে সে স্কুলে প্রবেশের চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশে সমর্থ হয়। পরে সেখান থেকে বেশ কয়েকটি শ্রেণীকক্ষে ঢুকে তার আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে।

বন্দুকধারীর কাছে একটি ‘লম্বা রাইফেল ও ব্যাকপ্যাক’ দেখা গেছে। তার শরীরে বর্মও ছিল বলেও এসময় উল্লেখ করেন তিনি।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন