চলমান ডেস্ক: রবার্ট লিওয়ানদোস্কির বায়ার্ন ছাড়ার আগ্রহের কথা নিশ্চিত করে জানিয়ে দিয়ে তার এজেন্ট পিন জানহাভি বলেছেন, ‘ইতিমধ্যেই বার্সেলোনার কাছ থেকে প্রস্তাবও পেয়ে গেছেন।’
এ সম্পর্কে পিন জানহাভি জার্মান দৈনিক বিল্ড পত্রিকাকে বলেছেন, ‘রবার্টের পক্ষ থেকে একটি বিষয় স্পস্ট করতে চাই, সে আসন্ন গ্রীষ্মেই বায়ার্ন ছাড়তে যাচ্ছেন।’
বায়ার্ন মিউনিখের সাথে বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি থাকলেও লিওয়ানদোস্কি নিজেই জার্মান চ্যাম্পিয়ন ছাড়ার কথা প্রকাশ করেছেন। ৩৩ বছর বয়সী এ পোলিশ তারকাকে নিতে ইতিমধ্যেই বার্সেলোনা ৩২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।
পিন জানহাভি বলেছেন, ‘অবশ্যই বায়ার্ন আরো এক বছর রবার্টকে ধরে রাখতে চায়। ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ এখনো বাকি আছে। কিন্তু আমি বায়ার্নকে সেটা করতে নিষেধ করব। রবার্ট লিওয়ানদোস্কির জন্য এফসি বায়ার্ন এখন ইতিহাস।’
টানা দুই বছর ফিফার বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া লেভা ২০১৪ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর এ পর্যন্ত সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন। এর মধ্যে রয়েছে আটটি বুন্দেসলিগা শিরোপা। সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে জিতেছেন দুইটি লিগ শিরোপা। ২০২০ সালে বায়ার্নের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জেতা হয়ে গেছে।
গত মৌসুমে ৩৫ গোল করে টানা পঞ্চম বারের মত বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ দিকে, বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও স্পোর্টস ডিরেক্টর হাসান সালিহামিজিক উভয়ই প্রকাশ্যে জানিয়েছে, ২০২৩ এর আগে তারা লিওয়ানদোস্কিকে ছাড়ছেন না। রোববার (২২ মে) একটি স্পোর্টস টক শো’তে এ বিষয় নিয়ে জানহাভির সমালোচনা পর্যন্ত করেছেন সালিহামিজিক।
বায়ার্ন ছেড়ে ফ্রি ট্রান্সফার সুবিধায় ডেভিড আলাবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে জানহাভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন