চলমান ডেস্ক: গ্রিস ও ইরানের পাল্টাপাল্টি তেলের ট্যাংকার আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এ দেশটির পশ্চিমাঞ্চলে জাগরোস পর্বতমালা এলাকায় ইরানি বিমানবাহিনীর একটি ভূগর্ভস্থ ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্সের।
শনিবার (২৮ মে) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে ওই ভিডিও সম্প্রচার করা হয়। ভিডিওতে ড্রোনঘাঁটির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ভিডিও ধারণের সময় সেখানে থাকা প্রতিবেদক বলেন, ‘ইরানের কেরমানশাহ শহর থেকে হেলিকপ্টারে করে ওই ঘাঁটিতে পৌঁছাতে তার প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। ভিডিওটিতে দেখা গেছে, মাটির নিচের ওই ঘাঁটি পরিদর্শন করছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি ও সেনাবাহিনীর কমান্ডার আবদুর রহিম মুসাভি। বলা হচ্ছে, অভিযান চালানোর জন্য ১০০টির বেশি ড্রোন (চালকবিহীন বিমান) সেখানে রাখা হয়েছে’
ঘাঁটিটিকে ইরানের ‘কৌশলগত ড্রোনের মাধ্যমে হামলা চালানোর জন্য একটি নিরাপদ স্থান’ বলে উল্লেখ করেছেন জেনারেল মোহাম্মদ বাকেরি।
তিনি বলেন, ‘আমরা কখনই কোন হুমকিকে ছোট করে দেখি না। আমরা কখনই এটা মনে করি না যে, শত্রুরা ঘুমিয়ে আছে। আমরা সব সময় সতর্ক আছি, জেগে আছি।’
এ দিকে, ড্রোনঘাঁটিটির অবস্থান মাটির কয়েক শত মিটার নিচে বলে ভিডিওতে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী কমান্ডার রহিম মুসাভি। তবে এর বেশি কিছু জানাননি তিনি।
ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের দেয়া তথ্য বলছে, ‘ঘাঁটিটির সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হচ্ছে ‘কামান-২২’ নামের একটি ড্রোন। সেটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ও কমপক্ষে দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন