চলমান ডেস্ক: নিরাপত্তার দাবিতে ইতালিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশিরা। সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের ওপর নির্যাতন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এর প্রতিবাদে রোববার (২৯ মে) প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাসহ সব স্তরের ইতালি প্রবাসী।
সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে বিশেষ করে রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে নির্জন স্থানে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এ সময় বাংলাদেশিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন কেড়ে নেয়া হচ্ছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে মারধরেরও শিকার হতে হয় প্রবাসীদের। শুধু তাই নয়, সন্ত্রাসী হামলার পাশাপাশি প্রায়ই বাংলাদেশিদের দোকানে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। ফলে ইউরোপের দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা চরম নিরাপত্তায় ভুগছে।
এরই প্রতিবাদে সামাজিক সংগঠন ‘যুবক মানবিক সংগঠন’ ও ‘স্বর্বস্তরের বাংলা কমিউনিটির’ উদ্যোগে ভেনিসে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর শহরের মেসরে স্টেশন থেকে ভিয়া পিয়াবে হয়ে কয়েন চত্বরে মিছিল নিয়ে যায় বিক্ষোভকারীরা।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ইতালীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন দেশটির মানবাধিকার কর্মীরা। বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির নেতারাও।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের অধিবাসীরা দীর্ঘ দিন ধরে ইতালিতে বসবাস করে আসছেন। জীবিকার প্রয়োজনে কাজ করা বাংলাদেশিরা কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। বাংলাদেশিরা সব সময় ইতালীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কর্ম ক্ষেত্রেও বাংলাদেশিদের বিরুদ্ধে অসদাচরণের নজির নেই।’
এ সময় বিশেষ কিছু এলাকায় ছিনতাইয়ের শিকার বাংলাদেশিদের সুরক্ষার পাশাপাশি অপরাধ নির্মূলের জন্য ইতালি সরকারের সহায়তা কামনা করেন প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া তারা পুলিশ প্রশাসনকে ঘটনা দ্রুত অবহিত করতে সব প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন