শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নেয়া হচ্ছে ঢাকা-নিউইয়র্ক রুটে ফের বিমানের ফ্লাইট চালুর প্রস্তুতি

রবিবার, জুন ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: লাভের কথা না ভেবে দেশের ভাবমূর্তি ঠিক রাখতেই ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার (২ জুন) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ২৮ জুন বাণিজ্যিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট। এ রুটের যাত্রীদের দীর্ঘ দিনের ফ্লাইট পরিচালনার দাবি যখন পূরণের পথে, তখন নতুন সুখবর ঢাকা-নিউইয়র্ক রুটে ফের বিমানের ফ্লাইট চালুর প্রস্তুতির বার্তা দিলেন প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে মাহবুব আলী জানান, পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ আরো জরালো করা হবে। একই সাথে বিমানের যে কেউ অন্যায়ের সাথে জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা ট্যুরিজমকে মাথায় রেখে ভিসা প্রক্রিয়া যত সহজ করা যায়, তা নিয়ে কাজ করছি। পাশের দেশ ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, নেপাল ও ভুটানে কোন সমুদ্র সৈকত নেই। আমরা যদি তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে পারি, তাহলে আমরা অনেক পর্যটক পাব।’

‘এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দ্রুত আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরও ডাকা হবে সেখানে।’

পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশে ক্রুজ শিপ চালুর বিষয়ে তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রীর আসাদুজ্জামানের সাথে কথা বলব যাতে, আমরা দ্রুত আন্তর্জাতিক রুটে চলাচলকারী ক্রুজশিপ বাংলাদেশে আনতে পারি। আমরা চাই, একজন বিদেশি ক্রুজ শিপে এ দেশে আসবে, শিপের মধ্যেই যাতে তার ইমিগ্রেশন হয়। তারা যাতে সেখান থেকে নির্বিঘ্নে দেশের পর্যটনসমৃদ্ধ এলাকাগুলো ঘুরে দেখতে পারেন।’

দেশের পর্যটন খাত নিয়ে তিনি আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসও হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল হচ্ছে, কক্সবাজারের সমুদ্র ছুয়ে রানওয়েতে নামবে প্লেন। এ অর্জনগুলো দেশের পর্যটন শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

‘এ ছাড়াও বাংলাদেশে অনেক ঐতিহাসিক, ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, হাওর আছে। এসব পর্যটন আকর্ষণের যেন পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন হয়, তার জন্য একটি ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন