শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ২০ সেপ্টেম্বর

বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ জুন) এসব মামলায় হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারেন নি খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে ও অপর দশ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

২০১৬ সালের ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়।

এ দিকে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এ ছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এ আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন