ঢাকা: ‘নির্বাচনে কে জিতবে না জিতবে, তা আমাদের মাথাব্যথা না। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ঢাকার আগারগাও নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করুক। সবার অংশগ্রহণমূলক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দরগুলোর সমঝোতা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।’
পিটার হাস আরো বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের (ইসি) অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। আন্তর্জাতিক মানের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য শুধু ইসির ভূমিকাই যথেষ্ট নয়; এ জন্য সরকার, রাজনৈতিক দল, গণ মাধ্যম, এনজিও এবং বাংলাদেশের জনগণের ভূমিকা রাখতে হবে।’
সুষ্ঠু ও অবাধ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোন পরামর্শ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কোনভাবেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও বাংলাদেশের জনগণ।’
প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের কারণ জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘তিন মাস হল ঢাকায় এসেছি। আপনারা হয়তো দেখেছেন, আমি আরো একাধিক জায়গায় সাক্ষাতে গিয়েছি। এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে কী হচ্ছে, সেটা বোঝার সুযোগ পাচ্ছি।’
এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে বসে অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে।’
আগামী জাতীয সংসদ নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেয়ার পর এ প্রথম বারের মত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সাথে সাক্ষাৎ হল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন