চলমান নিউইয়র্ক ডেস্ক : সহকর্মীর গুলিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে।
ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে যে, দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, সন্দেহভাজন ওই হামলাকারী পশ্চিম ভার্জিনিয়ার এবং তার বয়স ২৩ বছর। কলম্বিয়া মেশিনে কাজ করতেন ওই তরুণ। একশটিরও বেশি দেশে গ্রাহকদের কংক্রিট পণ্য সরঞ্জাম সরবরাহ করে এই কারখানা।
তবে সন্দেহভাজন ওই তরুণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলায় একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি। সম্প্রতি বন্দুক হামলা কয়েক দফা বেড়ে গেছে যুক্তরাষ্ট্রজুড়ে। এসবের পেছনে করোনা মহামারি, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ২০২০ সালে রাজনৈতিক সহিংসতা এসবও ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
কলম্বিয়া মেশিনের এক মুখপাত্র বলেছেন, তাদের কোম্পানি গুলির ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করছে। কোম্পানিটির ওয়েবসাই অনুযায়ী, তারা শতাধিক দেশের ক্রেতাদের কাছে কংক্রিট উৎপাদন সরঞ্জাম সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের এজেন্টদের পাঠিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ১১০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন