টেক্সাস, যুক্তরাষ্ট্র: বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্র্যাজোরিয়া কাউন্টিতে অবস্থিত ফ্রিপোর্ট এলএনজি এক্সপোর্ট টার্মিনালে। এর ফলে কমচে কম তিন সপ্তাহের জন্য টার্মিনালটি দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বুধবার (৮ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে টার্মিনালে একটি বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছের একটি পার্কের সিকিউরিটি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কাছে ২৬টি ফায়ার ডিপার্টমেন্ট থেকে অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় দিন শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায় নি। পরিবেশ দূষণের কোন তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ দলকে ফ্রিপোর্টে পাঠানো হয়েছে।
এলএনজির বৈশ্বিক সরবরাহ সংকটের এ সময়ে ফ্রিপোর্ট টার্মিনালটির অগ্নিদুর্ঘটনা বড় এক দুঃসংবাদ হয়েই এসেছে। তিন সপ্তাহ টার্মিনালটি বন্ধ থাকার অর্থ হল এ সময়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি অনেকটাই কমে যাওয়া, যা সংকট আরো ঘনীভূত করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রপ্তানির ২০ শতাংশ সম্পন্ন হয় ফ্রিপোর্ট দিয়ে।
ইউরোপীয় দেশগুলোকে এর কারণে সবচেয়ে বেশি ভুগতে হবে। রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমানোর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে সমুদ্রপথে ইউরোপের মোট এলএনজি আমদানির প্রায় ৪৭ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন