শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

পুরুষের চেয়ে বেশি কাজ করেন নারীরা

বুধবার, জুন ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : পুরুষের চেয়ে নারীরা বেশি কাজ করেন বলেবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে উঠে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।এই প্রতিবেদনে দেশের একজন নারী-পুরুষ দৈনিক কত ঘণ্টা কী ধরনের কাজ করেন, তা এই সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। বিবিএসের সময়ের ব্যবহার নিয়ে সমীক্ষায় দেখা যায়, নারীরা ২৪ ঘণ্টার অর্ধেক সময়ই সংসারের কাজকর্ম, শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করেই পার করে দেন। নারীরা গড়ে ১১ দশমিক ৬ ঘণ্টা এসব কাজে ব্যয় করেন। অন্যদিকে পুরুষেরা সংসারের কাজে ব্যয় করেন মাত্র ১ দশমিক ৬ ঘণ্টা।

বিবিএস বলছে, নারী-পুরুষ সবাই কাজ করেন। কিন্তু তাঁদের কাজের ধারায় পরিষ্কার পার্থক্য আছে। ঘরের টুকিটাকি কাজ করা এবং পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করা দৈনন্দিন কাজের অংশ। এ ক্ষেত্রে নারী-পুরুষ দুজনের সমান দায়িত্ব পালন করা উচিত। কিন্তু নারীর ওপর বেশি বোঝা হয়ে যাচ্ছে। দৈনিক ব্যবহার নিয়ে দেশের বিভিন্ন এলাকার আট হাজার নারী-পুরুষের ওপর সমীক্ষা করেছে বিবিএস। বিবিএসের সমীক্ষার ফল অনুযায়ী, একজন পুরুষ দৈনিক গড়ে ১১ দশমিক ৩ ঘণ্টা নানা কাজে ব্যয় করেন। আর একজন নারী নানা কাজে ব্যয় করেন গড়ে ১০ দশমিক ৯ ঘণ্টা।

নারীর কাজের স্বীকৃতিও কম। তাঁরা মজুরিহীন কাজেই বেশি সময় দেন। বিবিএস বলছে, নারীরা প্রতিদিন গৃহস্থালির কাজে ৪ দশমিক ৬ ঘণ্টা করেন এবং পরিবারের সদস্যদের সেবা করতে খরচ করেন ১ দশমিক ২ ঘণ্টা। সব মিলিয়ে মজুরি ছাড়া কাজ করেন প্রতিদিন ৫ দশমিক ৬ ঘণ্টা। এসব কাজে তাঁরা কোনো মজুরি পান না। অন্যদিকে পুরুষেরা দৈনিক মাত্র দশমিক ৮ ঘণ্টা এমন মজুরিহীন কাজ করেন। দেখা যায়, প্রতিদিনের এক-চতুর্থাংশ সময় মজুরি ছাড়া সংসারের কাজকর্ম করেন নারীরা। অর্থনীতিতে এর কোনো স্বীকৃতিও নেই।

পুরুষেরা মজুরি নিয়ে (কর্মসংস্থানভিত্তিক) প্রতিদিন গড়ে ৬ দশমিক ১ ঘণ্টা কাজ করেন। নারীরা করেন মাত্র ১ দশমিক ২ ঘণ্টা। এ ছাড়া নারী-পুরুষ প্রতিদিন নানা ধরনের কাজ করেন। নিজের জন্য রান্না করা, টিভি দেখা, খেলাধুলা করা, সামাজিকতা রক্ষা করা ইত্যাদি। বিবিএস আরও বলছে, টিভি দেখা, অবসরযাপন, বিনোদনসহ বিভিন্ন কাজে একজন নারী দৈনিক ২ দশমিক ৭ ঘণ্টা সময় ব্যয় করেন। আর পুরুষ এসব কাজে সময় খরচ করেন ২ দশমিক ৬ ঘণ্টা।

এ ছাড়া সমীক্ষায় মতামত প্রদানকারীদের প্রায় ৭৩ শতাংশই মুঠোফোন ব্যবহার করেন। নারীদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মুঠোফোন ব্যবহার করেন। পুরুষদের মধ্যে তা ৮৬ শতাংশের বেশি। আর ২৮ শতাংশ নারী-পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন। পুরুষের মধ্যে ৩০ শতাংশ এবং নারীদের মধ্যে ২১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন