ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (ডব্লিউইউএসটি) সমাবর্তন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুন) ভার্জিনিয়ায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় তাদের গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা। এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে আরো বেশিসংখ্যক ছাত্রছাত্রী আমেরিকায় পড়ার সুযোগ পাচ্ছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবুবকর হানিপ।
আমেরিকায় বাংলাদেশিদের সাফল্যে যুক্ত হল আরো একটি পালক। বাংলাদেশি মালিকানাধীন যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত শত শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। একে একে গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা নেন চার শতাধিক শিক্ষার্থী। সনদপ্রাপ্তির আনন্দে স্বভাবতই উচ্ছ্বসিত তারা।
ক্যানসারের সফল চিকিৎসা পদ্ধতি আবিস্কার করে বিরল কৃতিত্ব অর্জন করা আমেরিকান বাংলাদেশি চিকিৎসা-গবেষক রায়ান সাদী ছিলেন সমাবর্তনের মূল বক্তা। শিক্ষার্থীদের নিজের জীবনের সাফল্যের গল্প শোনান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টির চেয়ারম্যান জেফরি সি ম্যাক।
এ ছাড়া চ্যান্সেলর আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট হাসান কারাবার্কসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনে দেয়া বক্তৃতায় তাদের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন।
ডব্লিউইউএসটির চ্যান্সেলর ও চেয়ারম্যান আবুবকর হানিপ বলেন, ‘বাংলাদেশ থেকে যে কেউ এখানে স্কলারশিপ নিয়ে আসতে পারে ও এখানে এসে পড়াশোনা করে এখানেই প্রতিষ্ঠিত হতে পারে।’
ডব্লিউইউএসটির সিএফও ফারহানা হানিপ বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় শুধু এ দেশের জন্য নয়, এটা সবার। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা এখানে এসেছে ও ডিপ্লোমা নিয়েছে।’
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয়।
সমাবর্তনে অন্যদের মধ্যে ছিলেন মাস্টার অব দ্য সেরিমনি মার্ক এল রবিনসন, আমেরিকার প্রথম মুসলিম বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিকসহ শিক্ষা, গবেষণা ও তথ্য প্রযুক্তির বিভিন্ন শাখায় সফল ব্যক্তিরা। সমাবর্তন শেষে শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি বর্তমানে আমেরিকায় সফল বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি আমেরিকায় কোন বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন