চলমান নিউইয়র্ক ডেস্ক : ‘ভারতকে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) তো আমাদের দলের কেউ না। আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না। শনিবার (২০ আগস্ট) ধানমণ্ডির ৩২ নম্বরে ১৫ আগস্ট স্মরণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। আওয়ামী লীগ জনগণের দল। সুতরাং কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।
তিনি বলেন, আমাদের দল সব সময় মনে করে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাদের অবদান আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারব না।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি। ’ তার এমন মন্তব্যের পর দেশে সমালোচনার ঝড় ওঠে।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন