শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : কিছুদিন পরেই ইউক্রেনের স্বাধীনতা দিবস। তার আগে রাশিয়ার সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশেটি। কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ইউক্রেন ছাড়তে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী কয়েক দিনে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা জোরদার করছে বলে পররাষ্ট্র দপ্তরের কাছে তথ্য আছে। আগের নিরাপত্তা সতর্কতার পুনরাবৃত্তি করে বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন দূতাবাস নিজ নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। নিরাপদ বোধ করলে ব্যক্তিগতভাবে পরিবহনের ব্যবস্থা করে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতা লাভের বার্ষিকী আগামী বুধবার উদযাপনের কথা থাকলেও রাজধানী কিয়েভে জনসাধারণের উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দুদা কিয়েভে পৌঁছেছেন। সামরিক এবং অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করতেই তিনি এই সফরে গেছেন। আন্দ্রেজেজের কার্যালয়ের প্রধান পায়েল জ্রত এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইউক্রেনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

জ্রত বলেন, এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন আন্দ্রেজেজ দুদা। অর্থনৈতিক, মানবিক এবং রাজনৈতিক চেতনা থেকে ইউক্রেনকে সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক সহায়তার বিষয়ে তারা আলোচনা করবেন।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন