শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

শাহানা হানিফের হাত ধরে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে এখন ‘লিটল বাংলাদেশ’

বুধবার, অক্টোবর ১৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে আরেকটি রাস্তার নামকরণ করা হলো ‘লিটল বাংলাদেশ’। এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউর একটি অংশের নামকরণ করা হয়েছিল ‘লিটল বাংলাদেশ’।

রোববার (১৬ অক্টোবর)  ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড ইন্টারসেকশনে রাস্তার নতুন নামফলক উম্মোচন করেন নিউইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ।

শাহানা হানিফের পৈত্রিক বাড়ি চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে। তিনি চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা। চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার ফুফাতো বোন তিনি।

নামফলক উম্মোচন অনুষ্ঠানে শাহানা হানিফ বলেন, ‘এ শহরে বর্তমানে দু’লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। লিটল বাংলাদেশ ঘিরে আমাদের শিক্ষা, ন্যায্য মজুরি এবং গৃহায়নের যে সংগ্রাম চলছে, তাকে শক্তিশালী করতে হবে এ নামকরণের আনন্দের মধ্য দিয়ে।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং উত্তর আমেরিকা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, ‘১৯৯৫ সালের কথা। আমরা কয়েকজন এ এলাকায় একটি অনুষ্ঠান থেকে ‘লিটল বাংলাদেশ’ রচনার প্রত্যাশার কথা জানিয়েছিলাম। তারপর সেই স্বপ্নের পরিপূরক হিসেবে একই বছর এ এলাকায় ‘লিটল বাংলাদেশ’ নামে একটি রেস্টুরেন্ট চালু করি। তারপর চলে গেছে ২৬ বছর। আমার সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো আমার মেয়ে শাহানার হাত ধরে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট অ্যাসেম্বলিম্যান রবার্ট ক্যারোল, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী ও ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য খোরশেদ খন্দকার।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন