ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালির পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের সিনেটর প্রয়াত এডওয়ার্ড এম কেনেডির ছেলে এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র ভুল পক্ষ নিয়েছিল।
রোববার (৩০ অক্টোবর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিবারের সঙ্গে শনিবার বাংলাদেশে আটদিনের সফরে এসেছেন।
এডওয়ার্ড টেড এম কেনেডি জুনিয়র বলেন, ১৯৭২ সালে বাবা যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তাকে দারুণভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি আমাদের সেই অভিজ্ঞতা বলেছেন। তার পরিবারের সদস্য হিসেবে বাংলাদেশে আসতে পেরে গর্ববোধ করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র ভুল পক্ষ নিয়েছিল। তবে দেশ স্বাধীন হওয়ায় আমরা খুব খুশি হয়েছি।
কেনেডি জুনিয়র বেঙ্গল শিল্পালয়ে পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাক্স অ্যালেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ছিলেন টেড এম কেনেডি জুনিয়রের চাচা।
বেঙ্গল শিল্পালয়ে প্রয়াত কেনেডির পরিবারকে অভ্যর্থনা জানান বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ট্রাস্টি জিনাত চৌধুরী, নউশীন খায়ের ও যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আহরার আহমেদ।
কেনেডি পরিবারকে বেঙ্গল ফাউন্ডেশনের নানা কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মধ্যাহ্নভোজের পর এই অতিথিদের সামনে যন্ত্রসংগীত পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বেঙ্গল শিল্পালয়ে চলমান ভ্রাম্যমাণ প্রদর্শনী ‘ভয়েসেস অব বাংলাদেশ: দ্য জার্নি টু ফিফটি’ ঘুরে দেখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক কর্মকর্তা শন ম্যাকিনটোশ ও কালচারাল অ্যাফেয়ার্সবিষয়ক কর্মকর্তা শারলিনা হুসেইন মরগ্যান।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন