শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নিয়ন্ত্রণের বাহিরে দেশের ডেঙ্গু পরিস্থিতি, দিনে আক্রান্ত হচ্ছে সহস্রাধিক

মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিস্থিতির উন্নতি তো ঘটছেই না, বরং দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই এক হাজারেরও অধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর জন্য বিশেষজ্ঞরা এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংসে ধীরগতি ও অন্যান্য প্রতিরোধ ব্যবস্থার অপ্রতুলতাকে দায়ী করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৪৫০ জন এবং ঢাকার বাইরে ৩৭০ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ যাবত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০২ জনে। একদিনে মারা গেছেন ৫ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে ঠেকেছে।

বিশেষজ্ঞরা আশংকা করছেন এই পরিস্থিতি চলতে থাকলে প্রাণহানির হার ২০১৯ সালের মৃতের হারকে ছাড়িয়ে যাবে। ওই বছর ডেঙ্গুতে সরকারি হিসেবে ১৭৯ জনের মৃত্যু হয়। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা তিনশতেরও বেশি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।  এই পরিস্থিতি যেহেতু এখনও ঊর্ধ্বমুখী তাই উভয়ের এগিয়ে আসার মাধ্যমে এখান থেকে বের হওয়া সম্ভব।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন