রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

‘নিরাপত্তা পরিষদ চাইলে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করবে জাতিসংঘ’

মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, “সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ। তা না হলে এ বিষয়ে মাথা ঘামানোর সুযোগ নেই।”

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোয়েন লুইস বলেন, “বাংলাদেশের জাতীয় নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই। নিরাপত্তা পরিষদের কাছ থেকে আদেশ না পেলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর সুযোগ নেই। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ।”

গোয়েন লুইস বলেন, “চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমারা কৃতজ্ঞ। রোহিঙ্গাদের প্রতি আমরা সংহতি জানাই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। আমরা রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চাই। আমাদের উদ্যোগ অব্যাহত রেখেছি। ”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য দাতাদের দেওয়া তহবিল থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনার জন্য মাত্র ৬ থেকে ৭ শতাংশ ব্যয় করে। বাকি অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়। এ ব্যয়ে স্বচ্ছতা রয়েছে।”

জাতিসংঘের আবাসিক দূত বলেন, “জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষী রয়েছে। সেখানে বাংলাদেশের ৫০০ নারী শান্তিরক্ষী রয়েছে। এটা খুব ইতিবাচক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন