নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাথে সাথে ফলাফল পাওয়া যাবে না। নির্বাচনে জয়ী হচ্ছে কারা তা জানতে কয়েকদিন, এমনকি সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। রাজ্যগুলো কত দ্রুত ব্যালট গণনা করে তার মাধ্যমে প্রথম দিকের ভোটের সংখ্যা নির্ধারণ করা হবে।
ইনসাইড ইলেকশনসের প্রকাশক নাথান গঞ্জালেস জানিয়েছেন, ভোট গ্রহণের দিন ফলাফল পাওয়ার কোন সম্ভাবনা নেই। ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
জানা যায়, কংগ্রেসের উচ্চ কক্ষ বা সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪ আসন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ৪৩৫ টির সবকটিতেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কংগ্রেসের সিনেট ও নিম্নকক্ষ ছাড়াও ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর, মেয়রসহ গুরুত্বপূর্ণ পদে নতুন প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।
মার্কিন নির্বাচনে সাধারণত ডেমোক্র্যাট ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডাকযোগে বেশি ভোট দিয়ে থাকে। এজন্য প্রাথমিক ফলাফল রিপাবলিকানদের অনুকূলে থাকলেও ডাকযোগে দেয়া ভোট গণনার পর ফলাফল পরিবর্তন হতে পারে।
পেনসিলভানিয়া এবং উইসকনসিন রাজ্যগুলোতে নির্বাচনের দিন পর্যন্ত ডাকযোগে পাঠানো ভোটের খামগুলো খোলা হয় না। ফলে ভোট গণনা শুরুর দিকে ফলাফলে রিপাবলিকানদের প্রতীকী রঙ ‘লাল মরীচিকা’ এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।
মার্কিন প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ের এই নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দিয়েছেন কয়েক কোটি মার্কিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর ডেমোক্রেটিক পার্টির ভাগ্য কতটা সুপ্রসন্ন, তার অনেকটাই আভাস পাওয়া যাবে।
এই মধ্যবর্তী নির্বাচনেই বোঝা যাবে, কার হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে। দেশের আইনপ্রণেতা ও গভর্নর কার্যালয়ের দায়িত্ব কে সামলাবেন, সেটাও অনেকটা স্পষ্ট হবে এই নির্বাচনে। আবার এই নির্বাচনেই ভোটাররা দেশের নেতৃত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে মতপ্রকাশের সুযোগ পাবেন।
এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফলই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাঠের প্রতিযোগিতায় প্রভাব ফেলবে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন