বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

এসএসসিতে অকৃতকার্যদের ‘আত্মহত্যার’ পরামর্শ প্রধান শিক্ষকের!

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে যারা অকৃতকার্য হয়েছেন তাদের ‘আত্মহত্যার পরামর্শ’ দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাধ্যমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্ট্যাটাসটি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হলে স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। যদিও ফেসবুক আইডিটি নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার দোহারের বেশ পুরোনো বিদ্যাপীঠ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকারের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়।

ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘যারা এসএসসিতে ফেল করলে তাদের উচিত আত্মহত্যা করা!’

বিদ্যালয় সূত্রে জানা যায়, দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৭১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫৩ জন। অকৃতকার্য হয়েছে ১৮ জন। পাসের হার প্রায় ৯০ শতাংশ।

খোঁজ নিয়ে জানা যায়, ‘Saruj Sarkar’ নামে ফেসবুক আইডিটি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকারের। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার বলেন, ‘যে আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছে সেটি আমার নামে কেউ খুলেছে। আমি এ বিষয়ে কিছু জানি না।

দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি। খোঁজ নিয়ে দেখবো।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন