নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনার তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে সংঘর্ষে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রদূত পিটার হাস এই বিষয়টি জানান।
বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি দেখানোর খবরে আমরা উদ্বিগ্ন। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা, হয়রানি ও ভয়-ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সভা-সমাবেশের অধিকার রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’
এর আগে গত বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়। পরে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালিয়ে কয়েকশ বিএনপি নেতাকর্মীকে আটক করে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন