মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

সরকারের ‘দেউলিয়া’ হওয়া এড়ালো মার্কিন কংগ্রেস

শুক্রবার, জুন ২, ২০২৩

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের সেনেট সরকারের ঋণসীমা তুলে নেওয়ার দ্বিদলীয় প্রস্তাব পাসের মাধ্যমে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির দেউলিয়া হওয়া এড়াতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার সেনেট সরকারের ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণসীমা তুলে নেওয়ার প্রস্তাবে সায় দেয়। প্রেসিডেন্ট জো বাইডেনও এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন। এমনটি না হলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দেউলিয়া হয়ে যেতে পারতো।

বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরদিন উচ্চকক্ষ সেনেটের ১০০ সদস্যের চেম্বারে প্রস্তাবটি ৬৩-৩৬ ভোটে পাস হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছিল, কংগ্রেস যদি ৫ জুনের আগে পদক্ষেপ নিতে না পারে তাহলে তারা ওই দিন থেকে আর কোনো সরকারি বিল পরিশোধ করতে পারবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ঋণ নেওয়ার একটি সীমা নির্ধারিত থাকে। ঋণের পরিমাণ নির্ধারিত সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে ঋণ পরিশোধের আগে আর কোনও ঋণ নেওয়ার অনুমতি নেই সরকারের। এটি না করতে পারলে নিজেদের দেউলিয়া ঘোষণা করার বিধান রয়েছে দেশটিতে।

কয়েকমাস ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা নিজ নিজ দলীয় অবস্থান অনুযায়ী বিবাদে লিপ্ত হয়ে থাকার পর শেষ সময়ে এসে হওয়া সমঝোতা প্রস্তাব পাসে আইনপ্রণেতারা ঘড়ির সঙ্গে পাল্লা দেয়। 

প্রস্তাবটি পেশ করে সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ডেমোক্র্যাট চাক শুমার বলেন, “আজ রাতে আমরা দেউলিয়া এড়াচ্ছি।”

কংগ্রেসের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করে এক বিবৃতিতে বাইডেন বলেন, “এই দ্বিদলীয় সমঝোতা আমাদের অর্থনীতি ও আমেরিকার জনগণের জন্য এক বড় জয়।”

যত দ্রুত সম্ভব তিনি কংগ্রেসের পাস করা প্রস্তাবটিতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন বলে জানান যুক্তরাষ্ট্রের স্থানীয় ‘ইস্টার্ন ডে লাইট’ সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় এ বিষয়ে তিনি আরেকটি বিবৃতি দেবেন বলে জানান বাইডেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ঋণ সীমা বাড়াতে গত শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন এবং রিপাবলিকান নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সমঝোতার মাধ্যমে বিলটি তৈরি করেন।

পাস হওয়া বিল অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের ঋণ সীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কোভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার, জ্বালানিখাতে ব্যয় বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার বিষয়ে বলা হয়েছে বিলটিতে।

বিভিন্ন কারণে বাইডেন প্রশাসন ঋণের আইনি সর্বোচ্চ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার প্রায় ছুঁয়ে ফেলেছে। এ কারণে ঋণ সীমা বাড়াতে এই বিলটি পাস হওয়া বাইডেন প্রসাশনের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন