সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রামে এক সপ্তাহে দুই জাহাজে করোনা শনাক্ত; ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

প্রিন্ট করুন
image 129279 1546558097 1

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ক্রু ও কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুইটি জাহাজের ১৬ ক্রুর শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

চট্টগ্রাম বন্দরে ‘এমভি সেরিন জুনিপার’ নামে একটি জাহাজ থেকে পণ্য আনলোড করা স্থগিত ছিল। কারণ জাহাজটির ২১ জন ক্রুর মধ্যে সাতজন ক্রু করোনা পজিটিভ হয়েছিল। কর্তৃপক্ষ সব ক্রু এবং জাহাজকে বন্দরের বহি:নোঙ্গরে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল। বাহামা পতাকাবাহী ওই জাহাজটি গত ১২ আগস্ট সিঙ্গাপুর বন্দর হয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। ২১ জন ক্রুর মধ্যে ১৬ জন ফিলিপাইনের, তিনজন ইউক্রেনের, একজন রাশিয়ার এবং একজন রোমানিয়ার।

বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজের স্থানীয় এজেন্টকে সাত জন করোনা আক্রান্ত ক্রুকে তীরে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনের পর, অন্যান্য ক্রুদের নামতে হবে এবং জাহাজগুলি জীবাণুমুক্ত করা হবে।

তিনি বলেন, ‘প্রক্রিয়া শেষ হওয়ার পরেই জাহাজের পণ্য আনলোড করা শুরু হবে।’

এছাড়া, লাইবেরিয়ার নিবন্ধিত ‘ভ্যানটেজ কী’ নামে একটি জাহাজ গত ১৭ আগস্ট চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় এবং তার নয়জন ক্রু করোনা পজিটিভ পাওয়ার পর ভারতের পারাদিপ বন্দরে আটক করা হয়। জাহাজটি গত ১৩ জুলাই মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে এসেছিল এবং ২৬ হাহার ৫২৫ টন চাল আনলোড করার পর এটি বাংলাদেশের ভূখণ্ডে এক মাসের বেশি থাকার পর চট্টগ্রামের জলসীমা ছেড়ে যায়।

ছাড়ার এক দিন আগে জাহাজটির ২২ জন ক্রু করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা দিয়েছিলেন। তাদের মধ্যে নয়জন ক্রু পজিটিভ হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) সংক্রমণের কথা না জানিয়েই জাহাজটি ছেড়ে যায়। (খবর কনটেইনার নিউজের)

একজন বন্দর কর্মকর্তা বলেন, যদি পোর্ট কর্তৃপক্ষকে ক্রুদের শরীরে করোনা সনাক্তকরণ সম্পর্কে জানানো হয়, তাহলে জাহাজটিকে যাত্রা করার অনুমতি দেওয়া হবে না এবং জাহাজকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

‘জাহাজের স্থানীয় এজেন্ট কোয়ারেন্টাইনের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কায় তথ্য গোপন করেছিলেন’ তিনি বলেন।

চবকের সচিব ওমর ফারুক বলেন, ‘এমভি সেরিন জুনিপার’ নামের জাহাজের ২১ জন ক্রুর মধ্যে সাতজন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজের বাকি ক্রুদের ১৪ দিনের কোয়ারাইন্টানে থাকতে বলা হয়েছে।’

এ ছাড়া  ‘ভ্যানটেজ কী’ জাহাজের ক্রুদের করোনা পজিটিভ হওয়া এবং সংক্রমণের তথ্য চট্টগ্রাম বন্দরকে না জানিয়ে ছেড়ে যাওয়ার বিষয়ে কোন তথ্য পাননি বলে জানান ওমর ফারুক।

তিনি জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৪ জন কর্মী ও তাদের পরিবারের সদস্য করোনা ভাইরাসে মারা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন