সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

আইদার বিধ্বংসী ধাক্কা, বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্কের জনজীবন (ভিডিও)

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
নিউইয়র্কে আইদার আঘাতে জন জীবন বিপর্যস্ত 2 1

শারমিন রিমা >>

আইদার বিধ্বংসী ধাক্কা, বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্কের জনজীবন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুজিয়ানায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইদা। ঘূর্ণিঝড় আইদা’র অবশিষ্টাংশ ২১শ’ কিলোমিটার পাড়ি দিয়ে বুধবার সন্ধ্যায় ট্রাই-স্ট্রেট (নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট) অতিক্রম করছে। শহরজুড়ে রেকর্ড ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে রাস্তায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার কারণে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও বুধবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এ ঘটনাকে তিনি “ঐতিহাসিক আবহাওয়া ঘটনা” বলে অভিহিত করেছেন। 

আকস্মিক এ বন্যার কারণে নিউইয়র্ক ইমারজেন্সিতে রাত ১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার গভীর রাতে নিউইয়র্ক সিটির প্রায় সমস্ত পাতাল রেল লাইন বন্ধ করা দেয়া হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এমন বিপর্যস্ত অবস্থা নিউইয়র্কবাসী আগে দেখেনি। নিউইয়র্কের আশপাশের স্টেট গুলোতেও প্রচন্ড ঝড়োবাতাস ও মুষলধারে বৃষ্টি হয়েছে। বেশ কয়েক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সড়ক গুলোতে শত শত গাড়ি আটকা পড়েছে। অনেক গাড়ি পানির উপর ভাসতে দেখা গেছে। 

বন্যার পানিতে আটকে পড়া যাত্রী বেলাল আহমেদ জানান, ‘আমি কাজে ব্রঙ্কস এলাকায় ছিলাম। কিন্তু প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি।’ অপর যাত্রী রফিকুল ইসলাম জানান, ‘আমি কুইন্স বোরো প্লাজায় ৫ ঘন্টা ধরে আটকা পড়ে আছি। কোন ট্রেন চলছেনা। জানিনা কখন বাসায় ফিরতে পারবো।’

এদিকে, সেন্ট্রাল পার্কে বুধবার রাতে এক ঘন্টার মধ্যে ৩.১ ইঞ্চি সর্বোচ্চ বৃষ্টিপাত রের্কড হয় যা ঘূর্ণিঝড় হেনরির সময়ে বৃষ্টিপাতের রের্কডকেও ছাড়িয়ে গেছে। ফিলাডেলফিয়ার এনবিসি ১০ টেলিভিশন স্টেশন জানিয়েছে, নিউ জার্সির মুলিকা হিলে অন্তত নয়টি বাড়ি ধ্বংস হয়েছে।

মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি জানিয়েছে, বন্যার কারণে সাবওয়ে পরিষেবা “অত্যন্ত সীমিত” ছিল। আইডা ঝড়ের ক্ষয়ক্ষতি এবং বন্যায় বিধ্বস্ত নিউইয়র্ক সিটির মেয়র জনগণকে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আকস্মিক বিপর্যয়ের এ ঘটনার বিষয়ে নিউইয়র্ক প্রবাসী জসিম উদ্দিন বলেন, ‘আমার প্রায় তিন দশকের নিউইয়র্কের লাইফে হাইওয়েতে এতটা পানি উঠেছে কখনো দেখিনি। হেভি রেইনে নিউইয়র্ক এর বিভিন্ন হাইওয়ে এবং লোকাল রাস্তা গুলোর অনেক যায়গা ভেসে গেছে হাটু পানিতে। আমার গাড়ীটি অপেক্ষাকৃত একটু উঁচু হবার কারণে ৯/১০ মাইল বেগে চালিয়ে পানির ওপর  দিয়ে কোনো রকমে ড্রাইভ করতে পেরেছি।’ 

তিনি আরও বলেন, ‘প্রায় ২০ থেকে ২৫ টি ছোটো ছোটো গাড়ি দেখেছি পানিতে প্রায় তলিয়ে গেছে। হাইওয়ের কোনো কোনো নিচু জায়গায় কিছু গাড়ির প্রায় জানালা পর্যন্ত পানি। গাড়ি গুলো পানির মাঝে বন্ধ হয়ে অসহায় অবস্থায় গাড়ির ভেতর বসে আছে লোকজন। পানির স্রোত নেমে যেতে আরো কয়েকঘন্টা সময় লাগবে বলে আমার ধারনা। পরবর্তী কয়েক ঘন্টা কেউই লোকাল রাস্তা কিম্বা হাইওয়েতে গাড়ি চালানোর দু:সাহস করবেন না।’

আরো পড়ুন: লাগডিয়া ম্যারিয়টে তিন দিনের ‘বাংলাদেশ কনভেনশন’ ৩-৫ সেপ্টেম্বর (ভিডিও)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন