ঢাকা: বাংলাদেশে চামড়া শিল্প খাতে সুইজারল্যান্ডের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।
রোববার (১০ অক্টোবর) সকালে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত শিল্প মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে সুইস উদ্যোক্তাদের চামড়া শিল্প নিয়ে কাজ করার আগ্রহের কথা জানান। সুইজারল্যান্ডের উদ্যোক্তাদের আগ্রহকে সাধুবাদ জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুইস রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক একটি ট্যানারী শিল্প প্রতিষ্ঠানের চিঠি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন এবং নিজে সাভারের ট্যানারী শিল্প নগরী পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন।
শিল্প মন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাভারের ট্যানারী শিল্প নগরীতে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) বাস্তবায়ন করা হচ্ছে এবং এ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে তাদের যে কোন ধরণের সহযোগিতা গ্রহণ করা হবে।’
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে সুইজারল্যান্ডের সাথে সম্পর্কের কথা উল্লেখ করে শিল্প মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের মানবিক উন্নয়ন খাতে সুইজারল্যান্ড অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছে। এছাড়া রসায়ন, ওষুধ, অবকাঠামো, কারিগরি সেবা এবং ভোগ্যপণ্য খাতে সুইস বিনিয়োগ উল্লেখ করার মত।’
তিনি এসব খাতে সুইস উদ্যোক্তাদের আরো বিনিয়োগের আহবান জানান।
সাক্ষাতকালে উভয়ে মেধাসম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন, পণ্য ও সেবার ট্রেডমার্কস্ এবং ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) ইত্যাদি ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হন। এ বিষয়ে বাংলাদেশের কি ধরণের সহযোগিতা দরকার, রাষ্ট্রদূত তা জানানোর অনুরোধ জানান।
শিল্প মন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে আমদানি বৃদ্ধির জন্যও সুইস রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক দশকে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবং আরো বৃদ্ধির সুযোগ রয়েছে। সুইস ফেজারেল কাস্টমস্ প্রশাসনের হিসাব অনুযায়ী ২০২০ সালে দুই দেশের মধ্যে প্রায় ৮১ কোটি ফ্রাঙ্ক সমমূল্যের পণ্য লেনদেন হয়েছে। তার মধ্যে বাংলাদেশ রফতানি করেছে ৬৮ কোটি সুইস ফ্রাঙ্ক এবং বাংলাদেশ আমদানি করেছে ১৩ কোটি সুইস ফ্রাঙ্ক মূল্যের পণ্য।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন