শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুটপাট

শনিবার, জুলাই ৫, ২০২৫

প্রিন্ট করুন

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এতে পুরো শহর একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই ঘটনায় সংঘর্ষ হয়। এসময় পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ও আশপাশে সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার তিমিরপুর গ্রামের এক ব্যক্তির সাথে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশার কথাকাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আশার পক্ষ নিয়ে আনমনু গ্রামের যুবলীগ নেতা কাজল ও বাদলসহ একদল লোক খসরু মিয়ার উপর হামলা চালায়।

পরে তিমিরপুর গ্রামের দুই শিক্ষার্থীকে নবীগঞ্জ শহরের আনমনু পয়েন্ট থেকে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন করে। পুলিশ গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয়। এসময় দু’পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ৪-৫টি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন