শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

সোমবার, নভেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ 1

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতি সারাদেশে হু হু করে বাড়ছে জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের দাম। আর এর প্রতিবাদে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণের ৪১ দিনের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়৷ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্য নেতারা লিফলেট বিতরণ করেছেন।

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ বলেন, প্রায় ৪১ দিনব্যাপী এই লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ মহানগর উত্তর-দক্ষিণে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন হলো। ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি চলবে। এরপর প্রতিটা অঙ্গ-সংগঠন বিতরণ করবে তিনদিন করে। 

বাসভাড়া বৃদ্ধি সরকারের ‘সাজানো নাটক’ হিসেবে উল্লেখ করে আমান উল্লাহ বলেন, ডিজেল, কেরোসিনের দাম কমানো, দ্রব্যমূল্য কমানোর জন্য এই লিফলেট বিতরণের কর্মসূচি। গ্রামে-গঞ্জে, উপজেলা-থানা, ইউনিয়ন-ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় রেলস্টেশন-লঞ্চঘাট, শপিংমল, রিকশা গ্যারেজ, হাটে-বাজারে সর্বত্র বিতরণ শুরু হয়েছে আজ থেকে।

বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। সরকারকে এ পথ থেকে ফিরে আসার জন্য বলা হয়েছে। পরিবহনের মালিক–শ্রমিকদের সংগঠনকে দিয়ে ভুয়া ধর্মঘট করিয়ে ভাড়া বাড়িয়েছে সরকার। জনগণের ওপর এর চাপ পড়েছে। এর প্রতিবাদ জানাতে সারাদেশে লিফলেট বিতরণ করবে বিএনপি।
দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। এর প্রতিবাদে বিকেল তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান শিমুল, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন