পদ্মা অয়েল কোম্পানির কাছে দুই হাজার কোটি টাকার বেশি বকেয়া থাকা সত্ত্বেও বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড মুনাফার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির দাবি, গত অর্থবছরে ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা করেছে তারা, যা প্রতিষ্ঠার ৫৫ বছরে সর্বোচ্চ।
সোমবার (১৮ আগস্ট) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ্মা অয়েলের ‘হতবাক’ প্রতিক্রিয়া
দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী এই প্রতিষ্ঠানের সর্বশেষ হিসাবে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তাদের বকেয়া প্রায় ২১০০ কোটি টাকা। জুলাইয়ে আংশিক পরিশোধের পরও দেনার পরিমাণ দুই হাজার কোটি টাকার বেশি রয়েছে। এ অবস্থায় মুনাফার ঘোষণা করায় পদ্মা অয়েল ও বিপিসির কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়েছেন। যদিও এ বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
রেকর্ড মুনাফার তথ্য
বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ৩ দশমিক ৪ মিলিয়ন যাত্রী পরিবহন, ৪৩ হাজার ৯১৮ টন কার্গো পরিবহন ও ৮২ শতাংশ কেবিন ফ্যাক্টর অর্জন করেছে সংস্থাটি। যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বাধিক টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়নের ফলে যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি বেড়েছে বলেও দাবি করা হয়।
আগের রেকর্ড
বিমানের তথ্যমতে, এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছিল ২০২১-২২ অর্থবছরে, তখন আয় হয়েছিল ৪৪০ কোটি টাকা।
জাতীয় পতাকাবাহী সংস্থাটি দাবি করেছে, ধারাবাহিকভাবে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখায় বিমানের প্রতি যাত্রীদের আস্থা বাড়ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন