সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ট্রাম্পের শুল্কে ধাক্কা: ভারতের টেক্সটাইল কারখানায় উৎপাদন বন্ধ

মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

প্রিন্ট করুন
জনপ্রিয় বাংলাদেশি পোশাক ব্র্যান্ড

সিএন প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হতে যাচ্ছে। এতে দেশটির প্রধান টেক্সটাইল শিল্পাঞ্চল তিরুপুর, নয়ডা ও সুরাটের একাধিক কারখানা উৎপাদন বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি রপ্তানিমুখী শিল্পের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও)।

সংগঠনটির সভাপতি এস সি রালহান মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ভারতের পোশাক ও টেক্সটাইল খাত ইতোমধ্যেই ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিযোগী দেশের কাছে বাজার হারাচ্ছে। এর ওপর ৫০ শতাংশ শুল্ক যুক্ত হলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা প্রায় অচল হয়ে যাবে।

তিনি জানান, শুধু পোশাক নয়, ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্র ভারতের মোট সামুদ্রিক খাদ্য আমদানির প্রায় ৪০ শতাংশ কিনে থাকে। ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই) ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান রাকেশ মেহরার মতে, এই শুল্ক কার্যকর হলে কেবল রপ্তানি আয় নয়, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।

সংকট মোকাবিলায় সিআইটিআই ঋণের মূলধন ও সুদ প্রদানে অন্তত এক বছরের অবকাশ চেয়েছে। পাশাপাশি এফআইইও বলছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য স্বল্প সুদের ঋণ, রপ্তানি ক্রেডিট সহায়তা ও সুদ ভর্তুকি প্রয়োজন।

শিল্প নেতাদের মতে, ভারত সরকারকে কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা জোরদার করতে হবে এবং বৈশ্বিক বাজারে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ প্রচারণা চালিয়ে যেতে হবে। না হলে শুধু টেক্সটাইল নয়, চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প ও কার্পেট শিল্পও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন