শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর: উত্তেজনা ছড়াল রাজধানীতে

শনিবার, আগস্ট ৩০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বড় ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বিকেল সোয়া ৬টার দিকে, যখন গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সম্প্রতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করছিলেন।

বিক্ষোভ চলাকালীন কয়েকজন অংশগ্রহণকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এই হামলা ও সংঘর্ষে কার্যালয় এলাকার কিছু অংশে জানালা ও সামগ্রী ভাঙচুর হয়েছে।

এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে রাত ১২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কার্যালয়ের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন