সিএন প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত আর ভারত সফরে যাচ্ছেন না। দ্য নিউইয়র্ক টাইমসের (এনওয়াইটি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্প সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রতিবেদনে ট্রাম্পের সময়সূচি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, শুরুতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সফরের আশ্বাস দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতা তৈরি হওয়ায় তিনি অবস্থান পাল্টেছেন।
ভারত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এনওয়াইটির ভাষ্য, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে নয়াদিল্লি বারবার তা অস্বীকার করে। মে মাসের চার দিনের সীমান্ত উত্তেজনার সময় ট্রাম্পের ওই পুনরাবৃত্ত দাবি নরেন্দ্র মোদীকে ক্ষুব্ধ করে তোলে। তখন থেকেই দুই নেতার মধ্যে সম্পর্কের শীতলতা বাড়তে থাকে।
কূটনীতিকেরা বলছেন, ওয়াশিংটন–দিল্লির বাণিজ্য বিরোধ এবং পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানই সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। এরই প্রতিফলন হতে পারে তাঁর এ সফর বাতিল।
উল্লেখ্য, কোয়াডভুক্ত অন্য দুই দেশ অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন