সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয়নি এবং বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, এ বক্তব্য দিয়েছেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।
ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না। আমাদের লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া। জনগণের ইচ্ছা ও সিদ্ধান্তই শেষমেশ নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাজকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা আশা করি, নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে।”
এর আগে দুপুরে ইসি সচিব আখতার আহমেদ ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তিনি তার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে যান।
ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “রাজনৈতিক দলগুলোর নীতি ও লক্ষ্য বোঝার জন্য আমরা তাদের সঙ্গে দেখা করি। তবে নির্দিষ্ট নির্বাচনী ফলাফল বা রাজনৈতিক ব্যক্তিকে আমরা সমর্থন করি না। পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ জনগণের হাতে।”
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এটি ইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের প্রথম বৈঠক।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন