নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের উদ্দেশ্য রহস্যজনক, তারা দেশনেত্রীর জীবন নিয়ে গভীর চক্রান্তে মেতেছে।’
মঙ্গলবার (২৩নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নানান চর্চার মধ্য দিয়েই গণতন্ত্র স্থির ও বলশালী হয়। গণতন্ত্রে অংশগ্রহণমূলক রাজনীতি অপরিহার্য অংশ। কিন্তু গণতন্ত্র যাতে ধারাবাহিক ও স্থির হতে না পারে সেজন্যই বৃহত্তম বিরোধী দল বিএনপি এবং এর অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে এক বিষাক্ত নীলনকশা বাস্তবায়ন করছে সরকার।
তিনি আরও বলেন, আওয়ামী সরকারের মধ্যে অন্যের প্রতি সম্মান ও সহনশীলতার ছিটেফোটাও নেই। একটি উন্মুক্ত ও কার্যকরী নির্বাচনের বদলে যাদের জীবনদর্শন একদলীয় নাৎসিবাদের ওপর প্রতিষ্ঠিত তারা গুরুতর অসুস্থ দেশনেত্রীর মৌলিক মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন এটাই স্বাভাবিক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলেও সরকার অমানবিকভাবে উদাসীন ও নির্বিকার।
রিজভী বলেন, দেশনেত্রীকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয়রা সন্ত্রাসী হামলা চালিয়ছে। আমাদের নেতাকর্মীদের হতাহত করেছে। অনেককে মিথ্যা মামলা ঠুকে দিয়ে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন