মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

জাহাজভাঙা শিল্পে বাংলাদেশের বাজারে নজর ভারতের, দখলে নিতে নতুন পরিকল্পনা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

প্রিন্ট করুন

বৈশ্বিক জাহাজভাঙা শিল্পে বাংলাদেশের প্রভাবশালী অবস্থান দখল করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রায় চার হাজার কোটি রুপির প্রণোদনা প্যাকেজ হাতে নিয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে টানা ১০ বছর ধরে এই সুবিধা কার্যকর থাকবে। এ সময় ভারতে জাহাজ ভাঙতে আনা হলে জাহাজমালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। এই ক্রেডিট নোট ব্যবহার করে তিন বছরের মধ্যে ভারতীয় জাহাজ কেনা যাবে। চাইলে একাধিক নোট একসঙ্গে ব্যবহার বা বিক্রিও করা সম্ভব হবে।

বৈশ্বিক জাহাজভাঙা শিল্পে ২০২৩ সালে বাংলাদেশের দখল ছিল ৪৬ শতাংশ, আর ভারতের এক-তৃতীয়াংশ। বিশ্বের সবচেয়ে বড় জাহাজভাঙা ইয়ার্ড ভারতের আলাংয়ে থাকলেও সস্তা শ্রমশক্তির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে বাজার হারিয়েছে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের রুট পরিবর্তন ও ভাড়া বাড়ায় চাহিদা আবারও বাড়ছে।

এছাড়া ভারতের পূর্ব উপকূলে নতুন জাহাজভাঙা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও করছে মোদী সরকার। একই সঙ্গে ২৫ হাজার কোটি রুপির সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদনের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এবং বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন