রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যায় ১১ জনের নামে মামলা

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
sohel 1

চলমান ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে মামলাটি করা হয়। মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ১০-১২ জনকে।
আসামীরা হলেন সুজানগর বৌ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে শাহ আলম (২৮), নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে সোহেল (২৮), সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৮), সুজানগর বৌ বাজার এলাকার সুমন (৩২), সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২), তেলীকোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান রকি (৩২), সুজানগর বৌ বাজার এলাকার জানু মিয়ার ছেলে আলম (৩৫), সংরাইশ এলাকার মঞ্জিল মিয়ার ছেলে মাসুম (৩৯), নবগ্রাম এলাকার মৃত সামছুল হকের ছেলে সায়মন (৩০), সুজানগর বৌ বাজার এলাকার কানাই মিয়ার ছেলে রনি (৩২)।

নিহত কাউন্সিলরের ছোট ভাই ও মামলার বাদী রোমান বলেন, ‘আমার ভাই হত্যাকান্ডের ঘটনায় এক দল সন্ত্রাসীর সঙ্গে শাহ আলম ছিল। তার নেতৃত্বে আমার ভাই ও তার সহযোগীকে গুলি করা হয়েছে। সোহেল ভাইকে পরপর নয়টি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে শাহ আলম।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বাসসকে জানান, অভিযান চলছে। শিগগিরই আসামিদের ধরা হবে।

উল্লেখ্য, সোমবার (২২ নভেম্বর) বিকাল চারটার দিকে কুসিকের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন