চলমান ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রনে’ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে জাপানে। মঙ্গলবার (৩০ নভেম্বর) নামিবিয়া থেকে আসা দেশটির এক নাগরিকের দেহে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেছেন, দন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজের বিশ্লেষণের পর নামিবিয়া থেকে আসা ওই ভ্রমণকারীর ওমিক্রনে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এটি জাপানে প্রথম নিশ্চিত হওয়া ওমিক্রন শনাক্ত।
তিনি জানিয়েছেন, ওমিক্রনে সংক্রমিত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে গতকাল জাপান ভ্রমণে বিদেশিদের নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী। এমন সিদ্ধান্তের পর সমালোচিত হতে হয় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে। তবে ওমিক্রণ শনাক্তের পর তার সিদ্ধান্তের যথার্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
ফুমিও কিশিদা সোমবার বলেছিলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে সব বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি। নিষেধাজ্ঞার আওতায় থাকবে ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরাও।
এর আগে গত বুধবার (২৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এরপর থেকে এই ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে শনাক্ত হয়েছে।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন