সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

প্রিন্ট করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চান না; শুধু আমার বিরুদ্ধে কথা বলেন। তারা উসকানিমূলক কথাবার্তা বলছেন। নির্বাচনে এসব কথা ব্যবহার করা ঠিক নয়।

আজ রবিবার রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বাচ্চা ছেলেগুলো আমার নামে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে। অনর্গল আমি এসব ইগনোর করছি। কারণ সব কিছুর জবাব দেওয়া উচিত নয়, দেওয়া যায়ও না।

তিনি বলেন, ‘যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে উসকানিমূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর এলাকা, ভালো এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। আমি যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা স্বনামধন্য নেতৃবৃন্দ ছিলেন।

আর এখন যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা যার যার জায়গায় ভালো। কিন্তু কথাবার্তা বেশুমার বলছে। ওরা চাচ্ছে, ওদের কাছ থেকে আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না।’

সাবেক এই মন্ত্রী বলেন, ইসির দায়িত্ব হচ্ছে এসব (উসকানিমূলক) বিষয়গুলোর দিকে নজর দেওয়া।

নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছেন। তা না হলে এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? অভিযোগও জানানো হয়েছে, কোনো কর্ণপাত নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন