শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে জরুরি আহ্বান, নিরাপত্তা সতর্কতা জারি

শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, সম্ভব হলে এখনই ইরান ত্যাগ করতে হবে এবং দেশ ছাড়ার জন্য এমন পরিকল্পনা রাখতে হবে, যা মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভরশীল নয়।

সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে ইরানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক বন্ধ, গণপরিবহণ চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট সংযোগে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে। পাশাপাশি ইরান থেকে আসা-যাওয়ার ফ্লাইট সীমিত করা হয়েছে কিংবা বাতিল করা হচ্ছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়েও বিবেচনা করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ইরানে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেফতার বা আটক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। এ কারণে বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ‘লো প্রোফাইল’ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, যারা কোনো কারণে দেশ ছাড়তে পারছেন না, তাদের নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত খাদ্য, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন